মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি কাজের সময় অতিরিক্ত বল প্রয়োগ না করতে বলেন তিনি।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এ কাজ আমাদের করে যেতে হবে।
তিনি বলেন, প্রথমে মনে করেছিলাম আমরা খুব তাড়াতাড়ি এ কাজ শেষ করে সেনানিবাসে ফেরত আসতে পারবো। কিন্তু কাজটা দীর্ঘায়িত হচ্ছে। ধৈর্য রাখতে হবে এবং পেশাদারিত্বের মাধ্যমে কাজটি শেষ করতে হবে। দেশ ও জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, যতোদিন না একটা নির্বাচিত সরকার পাই, ততদিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে। দায়িত্ব পালনের সময় উশৃঙ্খল কাজ করা যাবে না, এটা আমাদের নজর রাখতে হবে।
ইনশাআল্লাহ আমরা একসঙ্গে কাজ করলে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো, একটা সুন্দর দেশ পাবো’, যোগ করেন তিনি।
সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খানসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।