নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা অঞ্চলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খালিশা চাপানি ইউনিয়নের দলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, তিস্তা অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত। এ অঞ্চলের মানুষের অধিকার, উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করতে হলে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। তিনি সমাজের অসহায়, বঞ্চিত ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় আরও বক্তব্য দেন জেলা ইউনিট সদস্য মাওলানা মহিউর রহমান, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ছাদের হোসেন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল এবং উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশা চাপানি ইউনিয়ন আমীর মাওলানা আসাদুজ্জামান।
সমাবেশের একপর্যায়ে উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমানকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এ ঘোষণার পর নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
এছাড়াও গত ২৩ মে ১০ নং টেপাখড়িবাড়ী ইউনিয়নে আনোয়ার হোসেন এবং ৫ নং গাবুড়ী ইউনিয়নে কাজী রুকনুজ্জামান বকুলকে
জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
দলীয় নেতারা জানান, তিস্তা অঞ্চলের তিনটি ইউনিয়নে জনসম্পৃক্ত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এসব প্রার্থী ঘোষণা করা হয়েছে। স্থানীয় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে এলাকার উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তারা কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।