মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উত্তরা পূর্ব থানার সাবেক সহ-সভাপতি আবদুল্যাহ আল মামুন অনিকের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।
প্রতিবাদকারীদের দাবি, আবদুল্যাহ আল মামুন অনিক দীর্ঘদিন ধরে দলীয় অবস্থানের বাইরে গিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির একজন বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে আপত্তিকর ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচারের অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও তারা উল্লেখ করেন।
অভিযোগকারীরা বলেন, দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা উচিত। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার জন্য দলের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হয়।
এ বিষয়ে অভিযুক্ত আবদুল্যাহ আল মামুন অনিকের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে অভিযোগের বিষয়ে তার মতামত পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।