মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শাহাদাৎ হোসেন (ইমরান):
ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার শেষ দিনের আয়োজন। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে আজ রবিবার শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। এ ছাড়া এবারই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত।
রাজধানীর পাশে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ রবিবার দুপুর ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
এর আগে সকাল সাড়ে ৯ মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়াতের বয়ান শুরু করবেন,যার বাংলা তর্জমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলে শুরু হবে আখেরি মোনাজ। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাদপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এসব তথ্য নিশ্চিত করেন।
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তাবলয়, ধর্মীয় উদ্দীপনায় তাবলিগ জামাতের দেশি-বিদেশি শীর্ষ মুরব্বি, বুজুর্গ আলেম-মাওলানাদের গুরুত্বপূর্ণ বয়ান, নফল নামাজ, তাসবিহ-তাহলিল, জিকির-আজকার ও ইবাদত বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন আগত মুসল্লিরা। তবে এ পর্বে আখেরি মোনাজাত আরবি ও উর্দুতে পরিচালনা করার কথা রয়েছে। মোনাজাতের আগে হবে হেদায়াতি বয়ান।
যৌতুকবিহীন বিয়ে :
বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়। গতকাল বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে সম্পন্ন হয়। প্রথম ধাপের মতো এ ধাপেও ৯ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে।
এর আগে গতকাল বাদ জোহর পর্যন্ত বিয়ের জন্য বর ও কনে পক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হয়। বিয়ের আগে বাদ আসর ইউসুফ বিন সাদের দেওয়া বিয়ের খুতবা শেষে ওই সব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়।
বিদেশি মুসল্লিদের অংশগ্রহণ :
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম জানান, গতকাল বিকেল পর্যন্ত অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় এক হাজার ৭০০ মেহমান উপস্থিত হয়েছেন। এর মধ্যে অস্ট্রেলিয়া, আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা, চায়না, ফিজি, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, সুদান, থাইল্যান্ড, তিউনিশিয়া উল্লেখযোগ্য। বিভিন্ন ভাষাভাষী ও মহাদেশ অনুসারে ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য ভিন্ন ভিন্ন তাঁবু নির্মাণ করা হয়েছে।
মো. সায়েম আরোও বলেন, ‘রোববার আখেরি মোনাজাতে অংশ নিতে ময়দান ও আশপাশের এলাকায় কয়েক লাখ মুসল্লি জড়ো হবেন। আমরা আগামী মঙ্গলবার ইজতেমা ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেব।’
মুসল্লির মৃত্যু:
ইজতেমার তৃতীয় ধাপে এ পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার রাতে মারা যান খুলনা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের দিদার তরফার (৫৫), গত শুক্রবার সকালে বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের নাজমুল হোসেন (৭৫) এবং ওই দিন রাত সাড়ে ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়ার আব্দুল আজিজ শেখ (৬০)।
গুজব সৃষ্টির অভিযোগে একজন হেফাজতে : গতকাল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (জিএমপি) ড. নাজমুল করিম খান প্রেস ব্রিফিং করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইজতেমায় হামলার হুমকিসংক্রান্ত গুজব সৃষ্টিকারীকে আইনের হেফাজতে আনা হয়েছে। তার সঙ্গে কথা বলা চলছে। অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইজতেমার পরিবেশ ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সব ধরনের ব্যবস্থা আছে।’ মোনাজাত চলাকালে সড়ক ও মহাসড়কে যান চলাচল সচল রাখার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ ইব্রাহিম খান, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন, ইজতেমার আয়োজক সাদপন্থীদের পক্ষে মাওলানা ওসামা ইসলাম, হাজি মনির এবং মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।