মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শাহাদাৎ হোসেন (ইমরান):
দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ। এতে অংশগ্রহণ করতে সকাল থেকেই ময়দানে আসতে থাকে মুসল্লীরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে এ নামাজ অনুষ্ঠিত হয়।জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।
শুক্রবার দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে শেষ হয়।
ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টায় খুতবা শুরু হয়। দুপুর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে ১টা ৫৫ মিনিটে নামাজ সম্পন্ন হয়। লাখো মুসল্লি জুমার নামাজে অংশ নেন বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, তাবলীগ জামায়েতের ইতিহাসে এবারই প্রথম শবেবরাতের রজনিতে হচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করবেন বলে জানা গেছে। গতকাল সকাল থেকে সারা দেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হন।