মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়াল খাল গ্রামের মোস্তাকিম ইসলাম (৭০) ও তাঁর স্ত্রী সাকিনা বেগম (৬৫) গরু কেনার সামর্থ্য না থাকায় গত ৩৫ বছর ধরে নিজেরাই কলুর ঘানি টেনে জীবিকা নির্বাহ করছেন। নয়জন সদস্যের এই পরিবারে দুজন শারীরিকভাবে প্রতিবন্ধী।
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে তাঁদের এই কষ্টের জীবনের খবর প্রকাশিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে বিষয়টি। পরে তিনি মোস্তাকিম পরিবারকে সহায়তার উদ্যোগ নেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) তারেক রহমান অসহায় মোস্তাকিম দম্পত্তিকে দুটি অটোরিকশা এবং ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করবেন। জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নীলফামারীতে গিয়ে এই সহায়তা হস্তান্তর করবেন।
এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে। তারেক রহমানের এই সহায়তা মোস্তাকিম দম্পতির জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমরা বিশ্বাস করি।
স্থানীয়দের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের ভাষায়, এতো বছর পর হয়তো মোস্তাকিম দম্পতির জীবনে একটু আলো আসবে।
গরু না থাকায় কলুর ঘানি টেনে তেল বিক্রি করেই চলছিল তাঁদের সংসার। এখন আশা করছেন, অটোরিকশা পেলে জীবিকা একটু সহজ হবে বলে ধারণা তাদের।