
রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৫নং লক্ষীটারী ইউনিয়নে প্যারাগন কোম্পানির কাছে প্রায় ৩৬০০ একর জমি লিজ দেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৬ জুন) বিকেলে মহিপুর তিস্তা সেতুর উত্তর পাশে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লক্ষীটারী ইউনিয়নের ১, ২, ৩, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছয়টি মৌজাজুড়ে প্রায় ৩৬০০ একর জমি একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার পাঁয়তারা চলছে। এ এলাকায় প্রায় ৪ হাজার ৫০০ পরিবারের বসবাস রয়েছে। পাশাপাশি ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মসজিদ, ৭টি হাফিজিয়া মাদ্রাসা, ৩টি মন্দির এবং ৫টি হাট-বাজার অবস্থিত।
বক্তারা বলেন, প্রতিষ্ঠানটির প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা, কৃষিজমি এবং জীবিকার উৎস হারানোর ঝুঁকিতে পড়বেন। কৃষিনির্ভর এ জনপদের পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামোর ওপরও বিরূপ প্রভাব পড়বে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন লক্ষীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান মাবু, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাবাদ হোসেন, সাধারণ সম্পাদক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা নুরুজ্জামান
বাংলাদেশ খেলাফাতে মজলিসর নেতা মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির আখতার হোসেন, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মনোরুল ইসলাম এবং ২নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল বাকি।
বক্তারা আরও বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না। জমি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। অবিলম্বে এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন তারা।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।