মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর উত্তরখান থানাদিন মৈনারটেক এলাকায় অনুমোদনহীন ও ভেজাল পানীয় উৎপাদনের অভিযোগে ‘সেরা ফুড অ্যান্ড বেভারেজ’ নামের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে কর্তৃপক্ষ। বিএসটি আইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে ২১ মে ২০২৬ দুপুর ১২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়াই জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিভিন্ন খাদ্য ও পানীয়পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল।
অভিযানকালে কারখানায় অবৈধভাবে ‘সেরা পানি’, ‘ড্রিংকো ডি’, ‘লিচু’, ‘আইস ললি’, ‘আইস পপ’, ‘সেরা জুস’সহ বিভিন্ন ফ্লেভারের সফট ড্রিংকস উৎপাদনের প্রমাণ পাওয়া যায় বলে বিএসটিআই জানিয়েছে। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় উৎপাদিত ভেজাল ও অনুমোদনবিহীন পণ্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। পরে জব্দকৃত মালামালসহ পুরো কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির মালিক আব্দুর রশিদ বাদশা মোল্লা, পিতা গফুর মোল্লা, বাড়ি উত্তরখানের মৈনারটেক এলাকায়।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা শর্তে অনুমোদনবিহীন খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।