মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

রাজধানীর রানাভোলা ৬ এর বি এলাকার একটি ভবনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, আটতলা ভবনের পাশে অবস্থিত জাফর মিয়ার ভবনে প্রায় ১৯টি অবৈধ গ্যাসের চুলা সংযোগ চালু রয়েছে, যা স্থানীয়ভাবে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোনো ধরনের বৈধ অনুমোদন ছাড়াই ভবনটিতে এসব গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছে। এতে বৈধ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেন। তাদের ভাষ্য, অবৈধ সংযোগের কারণে এলাকায় নিয়মিত গ্যাসের চাপ কমে যাচ্ছে এবং রান্নাসহ দৈনন্দিন কাজে দুর্ভোগ বাড়ছে।
এদিকে, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংশ্লিষ্ট ভবনের মালিকের বিরুদ্ধে এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি উত্তেজিত আচরণ করে “আপনি কে, আপনাকে দেখে নেব” বলে হুমকি দেন বলে দাবি করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তিতাস গ্যাসের এক অসাধু কর্মকর্তার সহযোগিতায় দীর্ঘদিন ধরে এসব অবৈধ সংযোগ বহাল রাখা হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতি দুই মাস পরপর মোটা অঙ্কের অর্থ লেনদেনের মাধ্যমে সংযোগগুলো সচল রাখা হচ্ছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তাদের ধারণা, তিতাস গ্যাসের একাধিক অসাধু ব্যক্তি এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।