মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি নিজের জমি সুরক্ষিত রাখি, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। দেশব্যাপী ভূমিসেবা মেলার অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৯ মে) সকালে নিকলী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন, গণশুনানি, জনসচেতনতামূলক সভা ও একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত এই মেলা চলবে।
নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহীদ উল্লাহ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ আলতাফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
মোঃ সাফি উদ্দিন, প্রধান শিক্ষক, নিকলী শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়।
সাজ্জাদ হোসেন স্বাধীন, বিশিষ্ট সমাজসেবক।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন। এর মাধ্যমে সেবাগ্রহীতারা কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক ভূমিসেবা সহজে গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নজরুল ইসলাম মেম্বার, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মাহবুব আলম, সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ সামছুল হক, কারপাশা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ওয়াহেদ আবদুল্লাহ, গুরুই ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ মাহমুদুল হক মামুন এবং নাজির সূজন মাহমুদ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ সেবাগ্রহীতারা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। মেলা প্রাঙ্গণে স্থাপিত স্টলগুলো থেকে প্রথম দিনেই অসংখ্য নাগরিককে সরাসরি ভূমিসেবা ও পরামর্শ প্রদান করা হয়।