
ঝালকাঠি সদর উপজেলার শাহ্ মাহমুদিয়া কলেজের অধ্যক্ষ নুরুল আমিনকে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ১নং গাভারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমীন জামাল সিকদার ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৮ মে) সকালে শাহ্ মাহমুদিয়া কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত লিখিত সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একসময় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত শাহ্ মাহমুদিয়া কলেজ বর্তমান অধ্যক্ষ নুরুল আমিনের দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সংকটে পড়েছে।
লিখিত বক্তব্যে বলা হয়, অধ্যক্ষ নিয়মিত কলেজে উপস্থিত থাকতেন না এবং প্রশাসনিক দায়িত্ব পালনে উদাসীন ছিলেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি ব্যক্তিগত ব্যবসা ও কৃষিকাজে বেশি সময় ব্যয় করতেন এবং কলেজের আর্থিক বিষয়ে নানা অনিয়ম করেছেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—
কলেজের আয়-ব্যয়ের হিসাব সঠিকভাবে সংরক্ষণ না করা এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ,
শিক্ষকদের প্রাপ্য টিউশন ফি বণ্টন না করা,
পরীক্ষা দপ্তরের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম,
কলেজের গাছ বিক্রি ও পুরাতন ভবনের টিনশেড বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ,
রাস্তা সম্প্রসারণের সময় ভাঙা বাউন্ডারি ওয়ালের ইট সরিয়ে নেওয়া,
কলেজ উন্নয়ন কাজের টেন্ডারে অনিয়ম ও নিম্নমানের কাজ করার অভিযোগ।
বক্তারা দাবি করেন, এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অধ্যক্ষকে অপসারণ করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ নুরুল আমিন। তিনি সাংবাদিকদের বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মূলত কলেজ ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এসব অভিযোগ তোলা হচ্ছে।”