
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জাতীয় সংসদ সদস্য পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মনোনয়ন পেয়েছেন প্রয়াত আলহাজ নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ মো. মাসুদুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতে তাকে প্রার্থী করা হয়েছে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
পাশাপাশি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
দলীয় নেতাকর্মীরা জানান, জামায়াত-বিএনপির সংঘর্ষে নিহত রেজাউল করিমের আত্মত্যাগ এবং মরহুম নুরুজ্জামান বাদলের রাজনৈতিক আদর্শকে ধারণ করেই তাকে প্রার্থী করা হয়েছে। তিনি দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।এর আগে মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী ভোটগ্রহণের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের ভোট স্থগিত থাকে।
পরবর্তীতে বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করে জানায়, স্থগিত হওয়া শেরপুর-৩ আসনের উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও প্রচারণার সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।তফসিল ঘোষণার পর শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী পরিবেশ আবারও সক্রিয় হয়ে উঠেছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে।