মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

আসন্ন নাগেশ্বরী পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌরজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই নির্বাচনী আমেজ স্পষ্ট।
৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজসেবক জাহিদুল ইসলাম জাহিদ। দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছেন।
প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জাহিদুল ইসলাম জাহিদ বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি ৫নং ওয়ার্ডের মানুষের পাশে থাকতে। সুখে-দুঃখে, দুর্যোগে-দুর্দশায় মানুষের পাশে দাঁড়ানোকে দায়িত্ব মনে করি। তরুণ প্রজন্ম নেতৃত্বে এলে পরিকল্পিত ও সময়োপযোগী উন্নয়ন সম্ভব। সেই বিশ্বাস থেকেই আমি কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এলাকার শ্রমজীবী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুরদের সঙ্গে কথা বলে জানা যায়, জাহিদুল ইসলাম জাহিদ নিয়মিতভাবে মানুষের সমস্যা শোনেন এবং নিজস্ব উদ্যোগে সহায়তা করে থাকেন। স্থানীয়রা জানান, তিনি বিশেষ করে মাদকবিরোধী কার্যক্রম, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন।
৫নং ওয়ার্ডের কয়েকজন ভোটার—রাসেল, মজনু, তসলিম, আপেল, রানা ও সোহেল—জানান, “আমরা চাই একজন সৎ, তরুণ ও কর্মঠ প্রতিনিধি। জাহিদ আমাদের ওয়ার্ডকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে আন্তরিকভাবে কাজ করবে বলে আশা করি।”
জাহিদুল ইসলাম জাহিদ আরও বলেন, “নাগেশ্বরী পৌরসভা (ক) শ্রেণিভুক্ত হলেও ৫নং ওয়ার্ডে এখনো ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট সংস্কার ও বিশুদ্ধ পানির মতো মৌলিক সেবায় ঘাটতি রয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এসব সমস্যার স্থায়ী সমাধানে কাজ করব। উন্নয়ন বঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।”
আসন্ন পৌরসভা নির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।