মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

গাজীপুর-৬ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিনের উদ্যোগে এলাকার হিন্দু সম্প্রদায়কে নিয়ে এক মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে আউচপাড়া। বশির উদ্দিনের বাসভবনে এ সমাবেশে শতাধিক হিন্দু ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রভাষক বশির উদ্দিন বলেন, “আমরা সবাই এই দেশের নাগরিক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার নিয়ে বাঁচতে চাই। বিএনপি সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “গাজীপুর-৬ আসনে যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তবে আমি এই এলাকার সকল সম্প্রদায়ের উন্নয়নে কাজ করবো—কেউ অবহেলিত থাকবে না।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণ পরিবর্তন চায়। তারা এমন একজন নেতাকে চান যিনি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে কাজ করবেন। প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে গাজীপুর-৬ আসনে বিএনপি আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিতরা।
সমাবেশে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে অতিথিদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।