মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

রংপুর জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু মারা গেছেন। বুধবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই সম্মেলন উপলক্ষে ঢাকায় দলীয় কাজ শেষে রংপুর ফেরার পথে বগুড়ায় অসুস্থ হয়ে পড়েন আনিছুর রহমান লাকু। পরে তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বুধবার সকাল ৭টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
রংপুর নগরীর নুরপুরের বাসিন্দা আনিছুর রহমান লাকু ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সর্বশেষ ২০২২ সালে জেলা বিএনপির কমিটিতে তিনি সদস্যসচিব পদে মনোনীত হন। আনিছুর রহমান লাকু ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি।