মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মোহাম্মদ আলী সানু, বিশেষ প্রতিনিধি :
২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময়ের পর ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ি এলাকার ৩১ নম্বর ছিটের ৯০ শতাংশ জমির রেকর্ড পান স্থানীয় বাসিন্দা মৃত সন্তোষ ইসলাম। মৃত্যুর পর দীর্ঘদিন ধরে তার বিধবা স্ত্রী ও ৬ কন্যা সন্তান শান্তিপূর্ণভাবে উক্ত জমি ভোগদখল করে আসছিলেন।
তবে হঠাৎ করে গত সোমবার দিবাগত রাতে জমি দখলের চেষ্টায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবেশী মৃত রায়হানের ছেলে রফিক উদ্দিন, যিনি স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি, দলীয় সমর্থকদের নিয়ে এসে জোরপূর্বক ওই জমির মধ্যে প্রায় ৪০ শতাংশ জমিতে গাছ রোপণ ও বাউন্ডারি নির্মাণের চেষ্টা চালান।
এ সময় মৃত সন্তোষ ইসলামের ৬ কন্যা বাঁধা দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেন এবং অবৈধভাবে রোপণ করা গাছ ও বাউন্ডারি সরিয়ে দেন। এতে স্থানীয়ভাবে চরম উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ডিমলা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোঃ রব্বুল আলামীন জানান, “ছিটমহল বিনিময়ের পর বর্তমানে রেকর্ডবিহীন জমির ক্ষেত্রে বিআরএস (বাংলাদেশ রিভিশন সার্ভে) রেকর্ডই প্রাধান্য পাবে। পূর্বের কোনো আরএস বা বিএস রেকর্ড এই ক্ষেত্রে বৈধ নয়।”
এ বিষয়ে স্থানীয়রা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে মৃত সন্তোষ ইসলামের উত্তরাধিকাররা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।