মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকায় চান্দেরগাড়ি (জীপ) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পারভিন আক্তার (৫০) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৩ জুন শনিবার বিকেল ৫টার সময় নানুপুর ইউনিয়নের সুলতানিয়া রাইস মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পারভিন আক্তার নানুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চাড়ালিয়াহাট এলাকার মৌলভী আবদুল্লাহ সাহেবের বাড়ির বাসিন্দা এবং ধর্মপুর ইউনিয়নের আজাদী বাজার এলাকার ৫নং ওয়ার্ডের আবদুস সালামের স্ত্রী।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন পর দেশে ফেরা তার দুই প্রবাসী ভাইকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে অটোরিকশাযোগে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। পথে নানুপুরের সুলতানিয়া রাইস মিলের সামনে ধানবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। ট্রাকটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই চান্দের গাড়ির (জীপ) সঙ্গে অটোরিকশাটির মুখমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং পারভিন আক্তার গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রবিউল আলম খান বলেন আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পারভিন আক্তারের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দুই বিবাহিত ছেলে, এক বিবাহিত মেয়ে এবং কয়েকজন নাতি-নাতনি রেখে গেছেন।
পারভীন আকতারের স্বামী ও পরিবারের সদস্যরা জানান, প্রবাস থেকে দেশে ফেরা ভাইদের সঙ্গে দেখা করার আনন্দ নিয়েই তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা।
পারভীন আকতারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠে।