
নীলফামারীর সৈয়দপুরে নির্মাণাধীন একটি বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আফাজ উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর পর মামলা গ্রহণে পুলিশের গড়িমসির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। নিহতের লাশ নিয়ে থানার সামনে অবস্থান, বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী। তাদের অভিযোগ, ঘটনার তিন দিন পরও মামলা গ্রহণ করা হয়নি; বরং বিষয়টি আপস-মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকা থেকে নিহতের মরদেহ নিয়ে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিলসহ সৈয়দপুর শহরে প্রবেশ করেন। প্রায় সাত কিলোমিটার পথ অতিক্রম করে তারা সৈয়দপুর থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং শেরে বাংলা সড়কে অবরোধ গড়ে তোলেন।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, গত ৩ জুন ভোররাত প্রায় ৪টার দিকে কাচারীপাড়া এলাকায় আফাজ উদ্দিনের বড় ছেলে নুর হোসেনের নির্মাণাধীন বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। ধারণা করা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল নুর হোসেন। তবে তিনি ওই রাতে সেখানে অবস্থান না করায় আগুনের শিকার হন তার বাবা আফাজ উদ্দিন।
দগ্ধ অবস্থায় প্রথমে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একই দিন ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতের ছোট ছেলে আবু বকর সিদ্দিকঘটনার আগের রাতে তারাগঞ্জ বাজার এলাকায় তার বড় ভাই নুর হোসেনকে মারধর করা হয়। এরপর পরিকল্পিতভাবে প্রতিশোধ নিতে নির্মাণাধীন বাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়া হয়। কিন্তু লক্ষ্যবস্তু ব্যক্তি সেখানে না থাকায় নিরীহ বৃদ্ধ আফাজ উদ্দিন ভয়াবহ আগুনে দগ্ধ হন।
আবু বকর বলেন,আমার বাবা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমরা বিচার চেয়ে থানায় গিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময়েও মামলা নেওয়া হয়নি। উল্টো বিষয়টি মীমাংসার জন্য চাপ দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার চাই, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ সময়মতো মামলা গ্রহণ করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। এ কারণে তারা শুধু মামলা নথিভুক্ত করেই ক্ষান্ত হননি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার অপসারণ দাবিও জানান।
সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। আহত ব্যক্তির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় পরিবারের পক্ষ থেকে শুরুতে কেউ লিখিত অভিযোগ দিতে আসেননি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। একজন বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, মামলা গ্রহণ নিয়ে বিতর্ক এবং লাশ নিয়ে থানা ঘেরাওয়ের মতো নজিরবিহীন ঘটনায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।