মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রাইসা (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রাইসা উপজেলার বলদিয়া ইউনিয়নের ডুবি গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাইয়ুমের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, রাইসার মা রুমানা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন শারীরিক অসুস্থতা ও ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় ছোট্ট রাইসা সবার অগোচরে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের খালে শিশুটিকে ভাসতে দেখে।
স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের অসচেতনতার সুযোগে শিশুটি খালের পানিতে পড়ে যায় এবং এতে তার মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।