মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

চট্টগ্রামের ফটিকছড়ির প্রবীণ গুণী ব্যক্তিত্ব, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ফটিকছড়ি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব বজল আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৩০ মে শনিবার দুপুর ১টায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান । পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল রোববার (৩১ মে) সকাল ১০টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে এবং দ্বিতীয় জানাজার নামাজ সকাল ১১টায় তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। তাঁর ছোট ছেলে মোহাম্মদ নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।আলহাজ্ব বজল আহমদ ফটিকছড়ির সুপরিচিত ‘মনিরা কমিউনিটি কমপ্লেক্স’-এর স্বত্বাধিকারী ছিলেন। তাঁর বড় ছেলে আমেরিকা প্রবাসী চিকিৎসক ডা. মহিউদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনায় ফটিকছড়িবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।এদিকে, তাঁর মৃত্যুতে ফটিকছড়ির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।