পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অনিয়ন্ত্রিত বালু ও পাথরবোঝাই ট্রাকের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা। একই সঙ্গে প্রতিনিয়ত ঘটে চলা সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয় কর্মসূচি থেকে।
বুধবার (২০ মে) বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে অংশগ্রহণকারীরা নিরাপদ সড়কের দাবিতে নানা স্লোগান দেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অতিরিক্ত বালু ও পাথরবোঝাই ট্রাক দিন-রাত নির্বিচারে চলাচল করায় সড়কগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এসব ট্রাকের বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন।
বক্তারা অভিযোগ করেন, ট্রাকগুলোর কারণে পথচারী, শিক্ষার্থী, অটোরিকশা যাত্রী ও মোটরসাইকেল আরোহীদের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এসব ভারী যানবাহনের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
কর্মসূচি থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— অতিরিক্ত বোঝাই ট্রাক চলাচল বন্ধ, নির্দিষ্ট সময়ের বাইরে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং দুর্ঘটনা রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা।
“সচেতন দেবীগঞ্জবাসী”-এর আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের সদস্য এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
দেবীগঞ্জবাসীর একটাই দাবি— নিরাপদ সড়ক চাই, মৃত্যুর মিছিল বন্ধ হোক।