
পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার সাগরকান্দিসহ আশপাশের এলাকায় ভয়াবহ কালবৈশাখী ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের পাশাপাশি বজ্রপাতে ফরহাদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ফরহাদ হোসেন সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের শ্যামনগর গ্রামের বাসিন্দা।
গত সোমবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, গাছপালা ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর, সাগরকান্দি বাজারসহ আশপাশের এলাকায় বহু বসতবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঝড়ের তাণ্ডবে রাস্তার পাশের অসংখ্য গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে পুরো এলাকায় জনজীবনে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। তবে ঘটনার দুইদিন পেরিয়ে গেলেও এখনো সরকারি বা বেসরকারিভাবে কোনো সহায়তা তারা পাননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
সাগরকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন বলেন, “ঝড়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ পড়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।”
এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসকদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।