
খুলনার পাইকগাছায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস (CSS)-এর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ও পুষ্টি সচেতনতামূলক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতাপুর এলাকায় সিএসএস পাইকগাছা শাখার এ আর এম বিপ্রজিৎ কুমার সরদারের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সিএসএস অফিস প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে এলাকার নারী, শিশু ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। সেবা প্রত্যাশীদেরকে চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক- ডা. রাখী সরকার পূজা।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে দেশের তৃণমূল পর্যায়ের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সিএসএস। কমিউনিটি সাপোর্ট সার্ভিস (CSS) ও কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (CBHC) কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অপুষ্টিসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় পরামর্শ ও রেফারেল সেবাও প্রদান করা হয়।
এসময় স্বাস্থ্যকর্মীরা মা ও শিশু স্বাস্থ্য, গর্ভকালীন পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, পুষ্টি সচেতনতা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে অংশগ্রহণকারীদের নানা দিকনির্দেশনা দেন।
অনুষ্টানে উপস্হিত ছিলেন,গদাইপুর ইউপির ৬নং ওয়ার্ড সদস্য মীর আনোয়ার এলাহী,ইউপি সদস্য আব্দুস ছাত্তার শেখ,সাংবাদিক এফ এম বদিউজ্জামান,ব্যবসায়ী মনিরুজ্জামান, কামাল গাজী ও উত্তম কুমার সহ আরো অনেকে।