মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকায় অবস্থিত “Pro Grow Agro Protein LTD” নামের একটি কারখানাকে ঘিরে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানাটি থেকে ছড়িয়ে পড়া অসহনীয় দুর্গন্ধ ও তীব্র শব্দদূষণের কারণে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের দাবি, কারখানার দূষণের ফলে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট, মাথাব্যথা, জ্বর, বমি, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা দেখা দিচ্ছে। পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ায় এলাকার গাছপালার ফলনও কমে গেছে বলে অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি তুরাগ নদীতে ফেলা হচ্ছে, যার ফলে নদীর পানি দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। তাদের ভাষ্যমতে, কারখানায় মৃত জীবজন্তুর পচাগলা দেহাবশেষ ব্যবহার করে পশুখাদ্যের জন্য প্রোটিন প্রস্তুত করা হয় এবং ময়লা-আবর্জনা পুড়িয়ে তৈলজাতীয় পদার্থ উৎপাদন করা হয়।
ভুক্তভোগীদের আরও অভিযোগ, কারখানার কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ভয়ভীতি প্রদর্শন করা হয়। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাব ও অসাধু চক্রের সহযোগিতায় প্রতিষ্ঠানটি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে ইতোমধ্যে তিনবার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ নম্বর ১৯৫৯৯৮১৬৯৯০০১। অভিযোগের ভিত্তিতে একাধিকবার পরিদর্শন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি এলাকাবাসীর।
এ পরিস্থিতিতে দ্রুত কারখানাটি বন্ধ অথবা জনবসতি থেকে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।