মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নের কায়েত পাড়া গ্রামে দ্বিতীয়বারের মতো সূর্যমুখী ফুলের চাষ করে সাড়া ফেলেছেন কৃষি উদ্যোক্তা কবির হোসেন। চলতি মৌসুমে তিনি প্রায় ১২ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন।
সকাল থেকেই সূর্যমুখী ফুলের মাঠে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মনোরম পরিবেশে ফুল দেখতে ও ছবি তুলতে বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। দর্শনার্থীদের প্রবেশের জন্য জনপ্রতি ৩০ টাকা মূল্যের টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।
কৃষি উদ্যোক্তা কবির হোসেন জানান, কৃষি বিভাগের সহযোগিতায় তিনি দ্বিতীয়বারের মতো সূর্যমুখী ফুলের চাষ করেছেন। এ বছরও ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি। দর্শনার্থীদের অসচেতন চলাচলে কিছু ফুল নষ্ট হওয়ায় মাইকের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে বলেও জানান তিনি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কেউ সূর্যমুখী ফুলের সঙ্গে ছবি তুলছেন, কেউ আবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে পরিবার-পরিজন নিয়ে বসে গল্প করছেন।
দর্শনার্থী রাসেল মিয়া বলেন,
“শ্রীপুরে এমন সুন্দর সূর্যমুখী ফুলের বাগান হবে ভাবতেই পারিনি। খুব ভালো লাগছে, পরিবার নিয়ে এসে সময়টা দারুণ কাটছে।”
আরেক দর্শনার্থী কল্পনা আক্তার জানান,
প্রাকৃতিক পরিবেশ আর হলুদ ফুলের সৌন্দর্য সত্যিই মন ভরিয়ে দেয়। এমন উদ্যোগ আরও বাড়লে মানুষ প্রকৃতির কাছাকাছি আসবে।
শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, গত বছর কৃষি উদ্যোক্তা কবির হোসেনকে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক সহায়তা দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় চলতি বছর তিনি প্রায় ১২ বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন, যা এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে।