উত্তরা ১১ নাম্বার সেক্টর চৌরাস্তা জমজম টাওয়ারের সামনে ব্যস্ততম সড়কটি বেরিগেট দিয়ে বন্ধ
রবিউল আলম রাজু
রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর চৌরাস্তা, জমজম টাওয়ারের সামনে ব্যস্ততম সড়কটি বেরীগেট দিয়ে বন্ধ করে দেওয়ায় সাধারণ পথচারী ও যাত্রীদের চলাচলে তীব্র ভোগান্তি দেখা দিয়েছে। হঠাৎ করে সড়কটি বন্ধ করে দেওয়ায় প্রতিদিন হাজারো মানুষের দৈনন্দিন যাতায়াতে সৃষ্টি হয়েছে বড় ধরনের বিঘ্ন।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, এই সড়কের আশপাশে রয়েছে একাধিক হাসপাতাল, কলেজ, বিভিন্ন ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যেতে এসে বেরীগেটের সামনে আটকে পড়ছেন অনেকে। এতে জীবন বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ তাদের।
ভুক্তভোগী পথচারীরা বলেন, “এটা আমাদের প্রধান চলাচলের রাস্তা। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ যাতায়াত করে এই পথ দিয়ে। অথচ প্রশাসন নিজেদের সুবিধার জন্য রাস্তা বন্ধ করে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলে রেখেছে।”
এলাকার বাসিন্দারা আরও জানান, যান চলাচল ব্যাহত হওয়ায় আশপাশের বিকল্প সড়কগুলোতেও তৈরি হচ্ছে যানজট। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, রোগীসহ সব শ্রেণিপেশার মানুষ পড়ছেন চরম দুর্ভোগে।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত জমজম টাওয়ারের সামনে থাকা বেরীগেট অপসারণ করতে হবে। নাহলে তারা গণস্বাক্ষর কর্মসূচি বা প্রতিবাদ জানাতেও বাধ্য হবেন।
প্রশাসনের হস্তক্ষেপ ও সমস্যা সমাধানের অপেক্ষায় রয়েছে উত্তরা ১১ সেক্টরের ভুক্তভোগী মানুষরা।