সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ
কয়রা-খুলনা-প্রতিনিধিঃ
কয়রা খুলনা প্রতিনিধিঃ সুন্দরবনকে বনদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে চারটি সক্রিয় বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য র্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন।
সোমবার (৩১ আগস্ট) তারা র্যাব-৬ এর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ এর সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হয়।
আত্মসমর্পণকারীদের মধ্যে দুলাভাই বাহিনীর প্রধান আফজাল, অপর দুলাভাই বাহিনীর প্রধান আব্দুল্লাহ সহ চারটি বাহিনীর শীর্ষ নেতারা রয়েছেন। অন্য বাহিনীগুলো হলো বড় জাহাঙ্গীর বাহিনী, আনারুল বাহিনী ও আফতাব বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মসমর্পণের আগে সোমবার সকালেই কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোলাকাটি বাজার এলাকায় এই বনদস্যুদের স্থানীয়দের নজরে আসতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে লোকালয়ে এসে তারা র্যাবের কাছে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিলেন।
র্যাব জানিয়েছে, দীর্ঘদিন ধরে সুন্দরবনে জেলে, বাওয়ালী ও মৌয়ালদের অপহরণ, মুক্তিপণ আদায় ও লুটপাট করে আসছিল এই বাহিনীগুলো। র্যাব ও কোস্টগার্ডের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তৎপরতায় কোণঠাসা হয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
র্যাব-৬ এর এক কর্মকর্তা জানান, সুন্দরবনে অপরাধ দমন, বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত এবং সুন্দরবনকে আরও নিরাপদ রাখতে আত্মসমর্পণকারীদের আইনি প্রক্রিয়া শেষে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে ২০১৮ সালে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে কয়েকটি নতুন বাহিনীর তৎপরতা দেখা যায়। নতুন এই আত্মসমর্পণের ফলে সুন্দরবন আবারও পুরোপুরি নিরাপদ হবে বলে আশা করছেন বনজীবীরা।