মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

কুমিল্লা খায়রুন্নেসা ইব্রাহিম জেনারেল হসপিটাল (১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল) এর শুভ উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় কুমিল্লা বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারস্থ খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হসপিটাল ভবনের পঞ্চম তলায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক বোর্ড অব অ্যাডভাইজার্স এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ২০১০ সালের মে মাসে জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এ বিশেষায়িত হাসপাতালের জন্য ১২৫ শতক জায়গা দান করেন।প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিকেল এবং রাবেয়া হক নার্সিং কলেজ ভবিষ্যতে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হসপিটাল এবং ৫ তলা থেকে ১০তলা বিশিষ্ট হাসপাতালসহ একটি পুর্নাঙ্গ মেডিকেল কলেজে রুপান্তরিত হবে।
সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংবাদিক রফিকুল ইসলাম এ বিশেষায়িত হাসপাতালে সংবাদকর্মী ও তাদের পরিবারবর্গের জন্য চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা বলেন, ডায়াবেটিস সংক্রান্ত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে এই বিশেষায়িত ১০০ শয্যা বিশিষ্ট খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়।
জানা যায়- উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মিজ শারমীন এস মুরশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন,ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. এম এ সামাদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সিরডাপের প্রাক্তন মহাপরিচালক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান মরহুম এটিএম শামসুল হক এর সহধর্মিণী মিসেস রাবেয়া হক, কুমিল্লার সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট মো. আমীরুল কায়ছার, সমাজসেবা অধিদপ্তর এর মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক (এনএইচএন) এর বোর্ড অব অ্যাডভাইজার্স এর চেয়ারম্যান সৈয়দ রেজওয়ানুল কবির ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন- বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।