মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরার কোটবাড়ি,গোয়ালটেক সালমা মার্কেট এলাকার বাসিন্দাদের অভিযোগ, পুলিশের এক সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও প্রভাব খাটিয়ে নির্মাণকাজ পরিচালনার অভিযোগ উঠেছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. ফাইজুর রহমান সম্প্রতি রাজউক চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়, গোয়ালটেক সালমা মার্কেট এলাকায় নির্মাণাধীন একটি ভবনের কাজ রাজউকের অনুমোদিত নকশার বাইরে করা হচ্ছে। এছাড়া নির্মাণকাজের অংশ হিসেবে স্থানীয়দের চলাচলের রাস্তা আংশিকভাবে বন্ধ করে পিলার স্থাপন করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী দাবি করেন, এর ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে এবং প্রতিবেশীদের ভোগান্তি বাড়ছে। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাজউকের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, পুলিশ হেডকোয়াটারে চাকরির সুবাদে, বিভিন্ন বড় পুলিশ অফিসারের পরিচয় ব্যবহার করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তারা দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযুক্ত শহিদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের প্রত্যাশা, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।