মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

শেরপুর শহরের বাগরাশা মহল্লায় বাটোয়ারা মোকদ্দমার রায়ের ভিত্তিতে আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষে পুনরায় দখল কার্যক্রম পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ১১টা থেকে ১টা পর্যন্ত শেরপুরের সহকারী জজ আদালতের বিচারক জনাব কাজী নুসরাত আরিফের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
আদালতের নির্দেশে আদালতের নাজিরের নেতৃত্বে সরেজমিনে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় সহযোগিতা করে শেরপুর জেলা পুলিশের একটি বিশেষ স্কোয়াড, যেখানে একজন এসআই ও পাঁচজন কনস্টেবল দায়িত্ব পালন করেন।
অভিযান চলাকালে কিছু অবৈধভাবে বসবাসকারী পরিবার রাস্তা অবরোধ করে বাধা দেওয়ার চেষ্টা করলে, উচ্ছেদকারী দলের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরবর্তীতে অভিযান অব্যাহত রেখে বাগরাশা এলাকায় পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ডিক্রিদারকে সংশ্লিষ্ট জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
নাজির ও আদালত সূত্রে জানা যায়, বাগরাশা এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি অবৈধ স্থাপনা দখল নিয়ে বাটোয়ারা মামলা চলছিল। আদালতের রায় ডিক্রিদারের পক্ষে আসায় দখল কার্যক্রম বাস্তবায়নে মাঠে নামে প্রশাসন।
স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছরের জটিল মামলা শেষে আদালতের রায় বাস্তবায়িত হওয়ায় তাঁরা স্বস্তি প্রকাশ করেছেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে—
ডিক্রিদার আকবর আলী গং-এর পক্ষে ডিক্রিকৃত ভূমির দখল প্রদানের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং দাইক পক্ষের সব আবেদন নামঞ্জুর করা হয়েছে। একই সঙ্গে দখলীয় পরোয়ানা জারি ও কমিশনারের প্রতি রিট ইস্যু করা হয়েছে।
দখল কার্যক্রমের প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে