মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ (ভাইস প্রিন্সিপাল) মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে নিজ বাসায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।
সোমবার (১০ মার্চ) ভোরে রাজধানীর উত্তরার তার ভাড়া বাসায় এই হত্যার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার সেহরির সময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান।পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওসি জিয়াউর রহমান বলেন,সাইফুর রহমান ভূঁইয়ার শরীরে বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্রের দাগ রয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে।
তিনি জানান, উত্তরখানের ওই ভাড়া বাসায় গত বছরের আগস্ট–সেপ্টেম্বর থেকে ভাড়া থাকেন তিনি। গত কয়েকদিন আগে এক নারী ও তরুণকে ভাবি–ভাতিজা পরিচয়ে বাসায় নিয়ে আসেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। সোমবার সেহরির সময় সাইফুর বাথরুমে গেলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন তারা। এরপর বাথরুমের দরজা বন্ধ করে পালিয়ে যান তারা। পরে রক্তাক্ত অবস্থায় বাথরুমের দরজা ভেঙে বের হয়ে বেলকুনিতে এসে চিৎকার করেন তিনি। তখন বাসার মালিক ও অন্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।