দেশ ও জাতি গঠনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুসংহত করা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি।
বুধবার (২৮ জুলাই) বিকেল ৩টায় চট্টগ্রামের মুরাদপুর জামান হোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলমগীর গনি বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। মানুষের অধিকার, সমাজের অসঙ্গতি এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের সততা, সাহস ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে।
তিনি বলেন, জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত করতে হলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বাড়াতে হবে। সংগঠনের বিভাগীয় কাঠামোকে আরও সুসংগঠিত ও আধুনিক করার পাশাপাশি নেতৃবৃন্দকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চার মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থাকে আরও শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় কার্যকর ভূমিকা রাখবে।
প্রধান বক্তার বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী মো. আতিকুর রহমান আজাদ বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। সংগঠনের প্রত্যেক সদস্য দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে জাতীয় সাংবাদিক সংস্থা একটি আদর্শ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম এ আকাশ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে সাংবাদিক সমাজকে এগিয়ে নিতে হবে।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার বলেন, একটি শক্তিশালী সংগঠন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াস উদ্দিন, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা এস এম আজিজ ও আবুল আজিজ, চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আহসানুল কবির চৌধুরী (টিটু), সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মাজেদুল আলম, মো. বিল্লাল হোসেন, আমিনুল হক রিপন, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান শাহীন, উত্তর জেলার সভাপতি লায়ন মাওলানা মো. হাজী ইউসুফ, সিনিয়র সহ-সভাপতি মো. আবছার,সাধারণ সম্পাদক আবদুল মজিদ চৌধুরী দক্ষিণ জেলার সভাপতি জি,এম,হাফিজুর রহমান,সহ মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক মো. জামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাড়াও বান্দরবান, কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের ঐক্য, পেশাগত দক্ষতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা আরও বাড়ানো প্রয়োজন। গণতন্ত্র, মানবাধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জাতীয় সাংবাদিক সংস্থাকে একটি নিরপেক্ষ, শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।