ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় শহরের ছোটবাজারস্থ দলীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সামছুল হুদা শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। এছাড়াও জেলা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে গণঅভ্যুত্থানের ঘটনাকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
সভাপতির বক্তব্যে অনিক মাহবুব চৌধুরী বলেন, “১৬ জুলাই আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর ও রক্তাক্ত দিন। ক্ষমতার দম্ভে যখন শাসকগোষ্ঠী জুলুম-নিপীড়নের রাজত্ব কায়েম করেছিল, তখন সত্য ও ন্যায়ের পথে জীবন উৎসর্গ করেছেন আমাদের অসংখ্য ভাই-বোন। তাঁদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। আমরা মহান আল্লাহর কাছে তাঁদের শাহাদাত কবুলের দোয়া করি এবং অন্যায়ের সঙ্গে জড়িতদের ন্যায়বিচার কামনা করি।”
তিনি আরও বলেন, “জুলুমের প্রতিটি অশ্রুর হিসাব একদিন না একদিন দিতে হবে। আল্লাহ জালিমকে ছাড় দেন না, সময় দেন। ইনশাআল্লাহ এ দেশের মানুষ অন্যায়ের বিচার একদিন প্রত্যক্ষ করবে।”
স্মরণসভা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।