ঢাকার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী মোঃ জসিম হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ও মানহানির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একই সঙ্গে তার ও তার কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।শুক্রবার নিজ এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোঃ জসিম হোসেন বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
এছাড়া তার কর্মী-সমর্থকদের ওপর হামলা, হুমকি ও নানা ধরনের হয়রানির ঘটনাও ঘটছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও দাবি করেন, শুক্রবার তার উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা বানচাল করার উদ্দেশ্যে কয়েকজন সহকর্মীকে ফোনে এবং সরাসরি হুমকি দেওয়া হয়, যাতে তারা সভায় অংশগ্রহণ না করেন।
এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।মোঃ জসিম হোসেন জানান, এসব ঘটনার বিষয়ে তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার ও তার কর্মী-সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।