দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে দেশের সকল গণপরিবহনে জিপিএস (GPS) সংযুক্তি বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সম্প্রতি বিআরটিএ সদর কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে আগামী ১ আগস্ট ২০২৬ থেকে দেশের সকল গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে এবং তা কার্যকর অবস্থায় রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। জিপিএস সংক্রান্ত কারিগরি বিবরণী (Specification) বিআরটিএর স্থানীয় কার্যালয় অথবা বিআরটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিআরটিএ জানিয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্তি নিশ্চিত করা হলে যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে তা বিবেচনায় নেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, গণপরিবহনে জিপিএস প্রযুক্তি ব্যবহার চালকদের গতিবিধি পর্যবেক্ষণ, যানবাহনের অবস্থান নির্ণয়, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিষয়ে গণপরিবহন মালিক ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।