মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর স্মৃতিবিজড়িত কক্সবাজারের পিএমখালী এলাকার ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ১৩ জুন ২০২৬ তারিখে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ও Tarique Rahman মহোদয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কৃষি, সেচ ও গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে নিজ হাতে যে পাতলী খাল খনন কার্যক্রমের সূচনা করেছিলেন, সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করে পুনরায় খালটি পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটের কারণে এলাকার কৃষি, মৎস্যচাষ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে পিএমখালী ও পাতলী এলাকায় ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। খালপাড় পরিষ্কার-পরিচ্ছন্নকরণ, সড়ক সংস্কার, তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন স্থাপনসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চলছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, পাতলী খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নমুখী কর্মকাণ্ডের স্মৃতিও নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে।