মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মহেশখালী উপজেলায় অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের অধীনে মানবপাচার প্রতিরোধ প্রকল্প।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এবং বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সোলতান। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং মানবপাচারের শিকার ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
মানবপাচার প্রতিরোধ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মো. শিহাবুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের কক্সবাজার সমন্বয়ক অজিত নন্দী।
সভায় বক্তারা বলেন, বেকারত্ব ও দারিদ্র্যের কারণে মহেশখালীতে মানবপাচারের ঝুঁকি দিন দিন বাড়ছে। অনেকেই সাগরপথে ঝুঁকি নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন, আবার অনেকে দালালের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। অনভিজ্ঞ ও অদক্ষভাবে বিদেশ যাওয়ার ফলে অনেকেই সেখানে চরম দুর্ভোগে পড়ছেন। বর্তমানে কর্মহীন যুবকদের প্রলোভনে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার ঘটনা বাড়ছে এবং তারা মিয়ানমার ও থাইল্যান্ডে আটকা পড়ছেন। এসব ঘটনার কারণে অনেক পরিবারকে বাড়ি-ভিটা বিক্রি করে প্রিয়জনদের মুক্ত করতে হচ্ছে।
সভায় মহেশখালী থানার ওসি আবদুস সাত্তার জানান, মানবপাচারের ঘটনা সাম্প্রতিক সময়ে বেড়েছে এবং এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গেছে। পাচারকারীদের তালিকা তৈরি করে দ্রুত অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে তিনি তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, ইউনিয়ন পরিষদের সহযোগিতায় তৃণমূল পর্যায় থেকে মানবপাচারকারীদের তথ্য সংগ্রহ করা হবে। অবৈধ অভিবাসীদের তালিকা প্রস্তুত করা হবে। পাশাপাশি স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে নিয়মিত সভা ও সেমিনার আয়োজন করা হবে বলে তিনি জানান।