
নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানী ইউনিয়নের পাকারমাথা এলাকায় ১১টি জাল ৫০০ টাকার নোটসহ রাশেদ (২৬) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকারমাথা এলাকার ব্যবসায়ী মোজাম্মেল হকের ছেলে সবুজ আলীর দোকানে গত ৭ জুন রাতে রাশেদ এসে পূর্বের একটি লেনদেনের টাকা পরিশোধ করে দ্রুত চলে যায়। পরে টাকা গুনে দেখা যায়, সেখানে ১১টি ৫০০ টাকার জাল নোট রয়েছে।
সবুজ আলী জানান, কয়েকদিন আগে রাশেদ, রাজু ও আব্দুর রহিম নামে তিন ব্যক্তি একটি মোবাইল ফোন বন্ধক রেখে ১০ হাজার টাকা নিয়েছিলেন। টাকা ফেরত দেওয়ার সময় জাল নোটগুলো দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর রাশেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরদিন বিষয়টি জানালে সে দোকানে এসে উল্টো হুমকি ও অসদাচরণ করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। অপর দুই অভিযুক্ত রাজু ও আব্দুর রহিম পলাতক রয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর ভীষ্ম কুমার রায় ঘটনাস্থলে এসে রাশেদকে হেফাজতে নেন।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর ভীষ্ম কুমার জানান, জাল নোট সংক্রান্ত অভিযোগে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।