মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আদারভিটা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নিজাম উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে একটি বিশেষ মহল তার চরিত্র হননের উদ্দেশ্যে এই তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজাম উদ্দিনের একটি ছবি পোস্ট করে তার নামে একাধিক বিয়ে, আর্থিক প্রতারণা ও পারিবারিক বিষয়ে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানো হচ্ছে। তবে অনুসন্ধানে জানা গেছে, পোস্টটিতে যেসব তথ্য দাবি করা হয়েছে, তার পক্ষে কোনো তথ্যপ্রমাণ বা সত্যতা নেই। মূলত পারিবারিক ও ব্যক্তিগত একটি ছবিকে কেন্দ্র করে কাল্পনিক গল্প সাজিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
আদারভিটা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নিজাম উদ্দিন এলাকায় একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ হিসেবে পরিচিত। আসন্ন ৬নং আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা এবং ব্যাপক জনসমর্থন তৈরি হওয়ায় একটি পক্ষ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে এই নোংরা পথ বেছে নিয়েছে।এই বিষয়ে জানতে চাওয়া হলে মোঃ নিজাম উদ্দিন বলেন:”সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট, কাল্পনিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং আসন্ন নির্বাচন থেকে আমাকে দূরে রাখতেই একটি মহল এই ধরনের জঘন্য মিথ্যাচার করছে। এলাকার মানুষ আমার দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে অবগত আছেন। এই অপপ্রচারের বিরুদ্ধে আমি ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
এলাকার সচেতন নাগরিকরা মনে করছেন, সুস্থ রাজনৈতিক ধারাকে ব্যাহত করতে এবং একজন নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এই ধরনের সস্তা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই সাইবার অপরাধের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।