
ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। এ সময় মোট ৯ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়।
কলমা এলাকায় ইয়াবাসহ গ্রেফতার
৭ জুন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার থানার কলমা এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
বাটপাড়ায় নারী মাদক ব্যবসায়ী আটক
একই দিন রাত ৭টা ৫৫ মিনিটে সাভার মডেল থানার বাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোছা. শ্রাবনী আক্তার ওরফে আলিফা (২২)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
সিএন্ডবি এলাকায় হেরোইনসহ দুইজন গ্রেফতার
রাত ১০টা ৩০ মিনিটে সাভারের সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে জাহিদ হাসান ওরফে শুভ (২৯) ও ইব্রাহিম (৫০)-কে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
বাইপাইলে হেরোইন উদ্ধার
রাত ১১টা ২০ মিনিটে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ওয়াজেদ শেখ (২৮)-কে ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
ধামরাইয়ে তিন মাদক কারবারি আটক
৮ জুন রাত ১২টা ১৫ মিনিটে ধামরাই থানার বাথুলী এলাকায় অভিযান চালিয়ে হুকুম আলী (৫০), জহিরুল ইসলাম (৪০) ও জাহিদুল ইসলাম শিবলু (৩৬)-কে ৫ গ্রাম হেরোইন এবং ২৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৫৭ হাজার ৫০০ টাকা।
শ্রীপুরে আরও একজন গ্রেফতার
সকাল ৭টা ১৫ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সজিব হোসেন (৩০)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও অন্যান্য অপরাধের মামলা রয়েছে। এর মধ্যে ইব্রাহিমের বিরুদ্ধে ৪টি মাদক মামলা, ওয়াজেদ শেখের বিরুদ্ধে মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ ৪টি মামলা, জহিরুল ইসলামের বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং অন্য কয়েকজনের বিরুদ্ধেও পূর্বে মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
আদালতে প্রেরণ
গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।