
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল এলাকায় রোগী ও তাদের স্বজনদের হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দালালচক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে কথিত অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতরা হলেন— ওমেদ আলী, রানা মিয়া, রাজু মিয়া, বিপ্লব মিয়া, ফরহাদ হোসেন, আরাফাত হোসেন আপেল ও মারুফ হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক একটি সিন্ডিকেট গড়ে তুলে রোগী ও তাদের স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবাকে কেন্দ্র করে তারা প্রভাব বিস্তার করে অতিরিক্ত অর্থ আদায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে কোনো ধরনের দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না। রোগী ও স্বজনদের জন্য নিরাপদ, স্বচ্ছ এবং হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ বিষয়ে মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। চিকিৎসাসেবার মতো সংবেদনশীল খাতে কোনো অনিয়ম বা দালালচক্রের দৌরাত্ম্য সহ্য করা হবে না।”
স্থানীয়দের মতে, রমেক হাসপাতাল এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় দালালচক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপ সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে। পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক অনিয়ম ও ভোগান্তি কমাতে প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।