
ঢাকা, ৬ জুন: ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর বিশেষ অভিযানে পৃথক তিনটি অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়।
প্রথম অভিযানে ৫ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে মো. আজিজুল হক (২২)-কে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
একই দিন রাত ৯টা ৩০ মিনিটে আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকায় পৃথক অভিযানে মো. কামরুল হাসান নাহিদ (২৭)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পরে রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানার কাঠগড়া এলাকায় আরেকটি অভিযানে মো. নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮)-কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।