
ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) বিশেষ অভিযান পরিচালনা করে সাভার থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম। অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা ও সঙ্গীয় ফোর্স অংশগ্রহণ করেন।
ডিবি সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ রাত ৭টা ৫৫ মিনিটে সাভার মডেল থানার পাকিজা মোড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাজিদুল ইসলাম ওরফে নোমান (৩২) এবং মোঃ আব্দুর রহিম ওরফে বাবু (২৯)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রাখবে।