মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন মানিকগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার হাজারো মানুষ। দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
জানা গেছে, বালিয়াটি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের অংশ থেকে ভজনগর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়কটি তিন জেলার মানুষের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ অসংখ্য মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত চার থেকে পাঁচ বছর ধরে রাস্তাটির কোনো ধরনের সংস্কার কাজ হয়নি। ফলে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে ভরে গিয়ে যান চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রায়ই যাত্রীবাহী অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে আহত হচ্ছেন সাধারণ মানুষ এবং বাড়ছে জনদুর্ভোগ।
এলাকাবাসী জানান, প্রায় দুই বছর আগে বালিয়াটি পুরাতন বাজার স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের স্বেচ্ছাসেবক টিম সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিল। সম্প্রতি সাটুরিয়া উপজেলার সর্বস্তরের জনগণও একযোগে লিখিত দরখাস্ত প্রদান করেছেন। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয়দের ভাষ্য, মানিকগঞ্জ জেলার শেষ প্রান্তে হওয়ায় সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। অথচ এই সড়কটি তিন জেলার মানুষের দৈনন্দিন যোগাযোগ ও স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ও জনভোগান্তি আরও বৃদ্ধি পাবে।