মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

খুলনা ফুলতলা উপজেলার দামোদর মোড়ল পাড়ায় আছিয়া বেগম চুমকি (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নিজ বাড়ি থেকে তার অর্ধগলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন মোঃ হোসেন কাজী (২৯) কে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছে পুলিশ। নিহত চুমকি দামোদর গ্রামের শহীদ মোড়লের স্ত্রী। তাদের ১২ বছরের দাম্পত্য জীবনে ৭ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
চুমকির স্বামী শহীদ মোড়ল জানান, স্ত্রীর মোবাইলে রিচার্জ করার জন্য পাশের দোকানে যাওয়ার কিছুক্ষণ পর আশেপাশের মানুষের চিৎকার শুনে ছুটে বাড়ি এসে দেখি আমার স্ত্রীর অর্ধগলাকাটা মরদেহ ঘরের ভেতরে পড়ে আছে।” খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
থানার অফিসার ইনচার্জ মোঃ জেল্লাল হোসেন জানান, হত্যাকান্ডের পরপরই হোসেন কাজী নামের এক যুবককে চুমকির বাড়ির ছাদের পানির চৌবাচ্চার ভেতর থেকে ছুরিসহ আটক করা হয়। সে নড়াইল সদর উপজেলার উজিরপুর গ্রামের মৃত রেজা কাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আগেই চুমকির সঙ্গে হোসেনের প্রেমের সম্পর্ক ছিল।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আলম, বি.পি.এম (সেবা) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় প্রাথমিকভাবে এটি প্রেমঘটিত হত্যাকান্ড বলে ধারণা করা হচ্ছে ,তদন্ত চলমান রয়েছে। ফুলতলা থানায় মামলার প্রস্তুতি চলছিল।