শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে হাস্যরসের রূপ নিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আনা অনিয়মের অভিযোগের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করায় বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্মদেয়।
মঙ্গলবার (৪ই-আগস্ট) রাতে স্থানীয় প্রেসক্লাব কার্যালয়ে যোগানিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন তাঁদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।
লিখিত বক্তব্যে তারা দাবি করেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তাঁরা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি যাচাই-বাছাই ছাড়া কোনো প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, মিথ্যা তথ্য ছড়িয়ে দলের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা দলের বদনাম, রাজনৈতিক অস্থিরতা তৈরি করা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।