নীলফামারীর ডিমলা উপজেলা ২০২৫–২০২৬ অর্থবছরে ভূমি উন্নয়ন কর আদায়ে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
এই অর্জনের স্বীকৃতিস্বরূপ জেলা প্রশাসকের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের দিকনির্দেশনা এবং সহকারী কমিশনার (ভূমি) রওশন করিবের সার্বিক তত্ত্বাবধান ও অনুপ্রেরণায় এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানা গেছে।
এছাড়া উপজেলা রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও আন্তরিকতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।
শ্রেষ্ঠ ভূমি উন্নয়ন কর আদায়কারী হিসেবে নির্বাচিত ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা দুলাল চন্দ্র রায় বলেন, এটি কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো টিমের সম্মিলিত সাফল্য। ভবিষ্যতে আরও গতিশীল ও জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেছে, আগামীতে ডিমলা উপজেলা রাজস্ব আহরণ কার্যক্রমে আরও উচ্চতর অবস্থান অর্জন করবে।
এই অর্জনকে ঘিরে উপজেলা জুড়ে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।