মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

ফারুক হোসেন ( বরিশাল)
তীব্র ঝালের জন্য বিখ্যাত। এর ঝাল এতটাই তীব্র যে সাধারণ মানুষ না জেনে মুখে দিলে পড়তে পারেন বিপদে।পরিমাণ বুঝে খেতে হয় এ মরিচ।
নাগামরিচ তীব্র ঝালযুক্ত হলেও এর ঘ্রাণে রয়েছে সুগন্ধী। আন্তর্জাতিকভাবেও এর ঝালের তীব্রতার কারণে এ ফসলটি তার আপন সম্মাননা অর্জন করেছে। ২০০৭ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সাধারণ মরিচের চেয়ে বহুগুণ বেশি ঝাল প্রমাণিত হওয়ায় নাগা মরিচকে পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বরিশাল অঞ্চলে এটিকে বোম্বাই মরিচ বলে কিন্তু সিলেটে নাগামরিচ নামে পরিচিত।
বর্তমানে বরিশালের বানারীপাড়া উপজেলায় এই ফসলটি অধিক পরিমাণে উৎপাদন করা হচ্ছে। চলতি মৌসুমে এ অঞ্চলের চাষিরা অন্য ফসলের পাশাপাশি ব্যস্ত রয়েছে নাগামরিচ চাষে। ফসলটি লাভজনক হওয়ায় ছোট-বড় অনেক চাষি এখন নাগামরিচের চাষ করে।
এই মরিচ বাণিজ্যিকভাবে এখন চাষ করা হয়। ফলে বিভিন্ন অঞ্চলের চাষিরা নাগামরিচ চাষে হয়ে উঠেছেন আগ্রহী। বানারীপাড়া উপজেলার বিশারকান্দি, মলুহার, ইলুহার, মরিচবুনিয়া এবং পিরোজপুরের স্বরূপকাঠি ও নাজিরপুর উপজেলার কিছু এলাকায় ঘুরে দেখা যায় কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন নাগামরিচ চাষে।
মরিচবুনিয়া এলাকার শিক্ষক মোঃ রেজাউর রহমান বলেন, তিনি শিক্ষকতার পাশাপাশি অবসর সময়ে বোম্বাই মরিচ চাষসহ বিভিন্ন ফলের চারা ও সবজি চাষ করেন। এ বছর তিনি তিনবিঘা জমিতে আম, নারিকেল, সুপারিগাছের চারাসহ মোট জমিতে প্রায় দুই হাজার বোম্বাই মরিচ গাছ লাগিয়েছেন। তবে নানা কারণে কিছু গাছ নষ্ট হয়ে যায়। চারা বেশি নষ্ট হয় বৃষ্টিপাতের ফলে।