মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরই ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩ জুন (বুধবার) বিকেলে ইউনিয়নের গুরই নতুন বাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের সহযোগিতায় স্থানীয় গুরই ইউনিয়ন পরিষদ এই ক্যাম্পেইনের আয়োজন করে।
আয়োজকেরা জানান, গ্রামীণ জনপদের সাধারণ মানুষ যাতে সহজে, অল্প সময়ে এবং কম খরচে ছোটখাটো বিরোধের আইনি প্রতিকার পেতে পারেন, সে বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করতেই এই প্রচারণামূলক ক্যাম্পেইন। অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের আইনি প্রক্রিয়া ও এর সুফলগুলো চমৎকারভাবে তুলে ধরা হয়। গুরই নতুন বাজারে উপস্থিত সর্বস্তরের মানুষ গভীর আগ্রহের সঙ্গে এই প্রদর্শনী উপভোগ করেন।
অনুষ্ঠানে গুরই ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় ব্যক্তিবর্গ, শিক্ষক, ইমাম, চিকিৎসক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
ভিডিও প্রদর্শনী শেষে গ্রাম আদালতের বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে এক সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দর্শকদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের নিকলী উপজেলা সমন্বয়কারী মোঃ ফারুক হোসেন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরণের আয়োজনের ফলে গ্রাম আদালত সম্পর্কে তাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে এবং তারা এখন থেকে ছোটখাটো বিরোধের ক্ষেত্রে আদালতে না দৌড়ে ইউনিয়ন পরিষদেই সমাধান খুঁজতে আগ্রহী হবেন।