মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন লৌহজং উপজেলার কুমারভোগ পুনর্বাসন আরএস-৩ এলাকার বাসিন্দা মাহফুজ (২৮) ও জামাল (৪৫)। আহতরা হলেন একই এলাকার জসিম (৩০), চান মিয়া (৪০), সেলিম (৩৫) ও বরকত (৩২)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, একদল শ্রমিক রাস্তার পাশে একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কর্মযানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।দুর্ঘটনায় মাহফুজ ও জামাল গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, বাসচালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। তাদের দাবি, চালকের অসতর্কতা ও দ্রুতগতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ নিজ এলাকায় নিয়ে আসা হলে স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে কুমারভোগ চৌরাস্তা কেন্দ্রীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।একই দিনে দুই কর্মজীবী মানুষের মর্মান্তিক মৃত্যুতে কুমারভোগ পুনর্বাসন এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।